নিউজ কলরব ডেস্ক (২৭ অক্টোবর, ২০২৫) : নির্বাচন কমিশন এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দেশব্যাপী ভোটার তালিকা সংশোধনের (Special Intensive Revision - SIR) দ্বিতীয় পর্বের সময়সূচি ঘোষণা করলো সোমবার। নির্বাচন কমিশনের এই গুরুত্বপূর্ণ ঘোষণায় বিশেষত পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরলসহ আগামী বছরগুলিতে নির্বাচন হতে চলা রাজ্যগুলির ভোটারদের ওপর প্রভাব ফেলবে।
নয়াদিল্লির বিজ্ঞান ভবনে এই সাংবাদিক সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার জানান যে, দেশের মোট ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (SIR) দ্বিতীয় পর্ব ২৮ অক্টোবর, ২০২৫ থেকে শুরু হবে। যে ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই কর্মসূচি শুরু হচ্ছে সেগুলি হল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, গোয়া, পুদুচেরি, ছত্তিশগড়, গুজরাট, কেরল, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, রাজস্থান, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং লক্ষদ্বীপ।
সিইসি জ্ঞানেশ কুমার আরও বলেন, এই ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রায় ৫১ কোটি ভোটার রয়েছেন এবং এই কাজে ৫.৩৩ লক্ষ বুথ লেভেল অফিসার (BLO) এবং রাজনৈতিক দলগুলির মনোনীত ৭ লক্ষের বেশি বুথ লেভেল এজেন্ট (BLA) নিযুক্ত থাকবেন।
SIR-এর মূল বিষয়গুলি এক নজরে দেখে নেওয়া যাক :-
* ভোটার তালিকা হিমায়িত: আজ রাত থেকেই সংশ্লিষ্ট রাজ্যগুলিতে ভোটার তালিকা 'হিমায়িত' (frozen) করা হবে।
* গণনা ফর্ম বিতরণ: ২৮ অক্টোবর থেকে ভোটারদের কাছে তাঁদের সব তথ্য সম্বলিত একটি অনন্য গণনা ফর্ম (Enumeration Form) বিতরণ শুরু হবে।
* কর্মকর্তাদের প্রশিক্ষণ: SIR-এর দ্বিতীয় পর্বের জন্য ভোটগ্রহণ কর্মীদের প্রশিক্ষণ মঙ্গলবার থেকে শুরু হবে।
* রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক: সিইসি সব মুখ্য নির্বাচনী আধিকারিক ও জেলা নির্বাচনী আধিকারিকদের আগামী দু'দিনের মধ্যে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করে SIR প্রক্রিয়া সম্পর্কে অবহিত করার নির্দেশ দিয়েছেন।
* চূড়ান্ত তালিকা প্রকাশ: সংশোধনের পর চূড়ান্ত ভোটার তালিকা ৭ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে প্রকাশ করা হবে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটার তালিকায় থাকা অসঙ্গতি দূর করা, মৃত এবং স্থানান্তরিত ভোটারদের নাম বাদ দেওয়া এবং নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্ত করার জন্যই এই নিবিড় সংশোধন প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে আগামী নির্বাচনগুলিতে একটি নির্ভুল ও স্বচ্ছ ভোটার তালিকা ব্যবহার করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

No comments:
Post a Comment