নিউজ কলরব; ১১ অক্টোবর, ২০২৫, দুর্গাপুর : আরজিকর , কসবা ল কলেজের প্রতিচ্ছবি এবার পশ্চিম বর্ধমানে। দুর্গাপুরে একটি বেসরকারি মেডিক্যাল কলেজের এক দ্বিতীয় বর্ষের ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ। শুক্রবার রাতে এই ঘটনাটি ঘটে। এই ঘটনা রাজ্যের শিক্ষাঙ্গন এবং মহিলাদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৮টা নাগাদ ওই ছাত্রী এক পুরুষ বন্ধুর সঙ্গে কলেজের ক্যাম্পাস থেকে বাইরে খাবার খেতে বেরিয়েছিলেন। অভিযোগ, ক্যাম্পাসের গেটের কাছেই এক বা একাধিক ব্যক্তি তাঁকে জোর করে টেনে নিয়ে গিয়ে হাসপাতালের পিছনের একটি নির্জন এলাকায় গণধর্ষণ করে। নির্যাতিতা ছাত্রী ওড়িশার জলেশ্বরের বাসিন্দা।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত শুরু করে। গুরুতর অসুস্থ অবস্থায় ছাত্রীকে স্থানীয় একটি হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য ভর্তি করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই মেডিক্যাল কলেজের কর্মী এবং ছাত্রীর সঙ্গে থাকা পুরুষ বন্ধু সহ একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
নির্যাতিতার বাবা জানিয়েছেন, মেয়ের বন্ধুর কাছ থেকে খবর পেয়ে তিনি দুর্গাপুরে আসেন। তিনি অভিযোগ করেন, মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় পেয়েও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনো সহযোগিতা পাননি। তিনি আরও অভিযোগ করেন, ক্যাম্পাসে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই। তিনি তাঁর মেয়ের জন্য ন্যায়বিচার চেয়েছেন।
প্রাথমিক তথ্যের ভিত্তিতে পুলিশ এফআইআর দায়ের করেছে এবং ঘটনার সব দিক খতিয়ে দেখছে। এই ঘটনা পশ্চিমবঙ্গের শিক্ষাঙ্গনে নারীদের সুরক্ষার অভাবের বিষয়টি আবার সামনে এনেছে। জাতীয় মহিলা কমিশন (NCW)-এর একটি দলও দুর্গাপুর আসছে বলে জানা গিয়েছে। রাজ্য স্বাস্থ্য দপ্তরও কলেজ কর্তৃপক্ষের কাছে দ্রুত রিপোর্ট চেয়েছে।

No comments:
Post a Comment